প্রতিটি পিতা -ই আমার ধারণা প্রশ্নটি শুনে থাকবেন - পিতা হবার পর আপনার অনুভূতি কি? তবে আমি অনেক পিতাকেই বলতে শুনেছি - কেমন লাগছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না!
না, আমি সেই সব পিতাদের ভিন্ন কোন নজরে দেখছি না। সত্যিই আমরা যখন খুব বেশি আনন্দিত হয়ে উঠি তখন অনেক কিছুই প্রকাশ করতে ব্যর্থ হই। তবে, আমাকে এই অনুভূতিটা প্রকাশ করতে বলা হয়েছে।
অনুভূতি উপলব্ধির জন্যে প্রারম্ভিক কিছু তথ্য জানা জরুরী। আমরা অনেকেই নানা ভাবে আনন্দিত হই। যখন, না চাইতেই কোন কিছু পেয়ে যাই আবার প্রিয় কিছু পাওয়া, এমন সব কিছুর -ই ভিন্ন ভিন্ন আনন্দ রয়েছে। শ্রেষ্ঠতম আনন্দ কোনটি? খুব কম মানুষ আছেন যারা বিষয়টি নিয়ে ভেবেছেন।
আমার মতে, কোন কিছু সৃষ্টি করার আনন্দের চেয়ে শ্রেষ্ঠতম আর কোন আনন্দ হতে পারে না। কে জানে! হয়তো এই আনন্দের জন্যেই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। সে যাই হোক না কেন, আমার সাথে অন্তত তারা নিশ্চয়ই একমত হবেন যারা এমন কিছু করেন যা আগে কখনো ঘটেনি।
এমন কিছু কি কখনো করেছেন যা শেষ করতে বা যার ফল পেতে দশ দিন সময় লেগেছে? একবার ভেবে দেখুন, তখন কেমন লেগেছিল? একটু ভাবুনতো, কোন একটি কাজ এক মাস ধরে দিন-রাত কঠোর পরিশ্রম করে করেছেন, যেখানে অনেক স্বপ্ন মেশানো ছিল আর আজ, সেই কষ্টের ফলটি পেয়েছেন এবং আপনার স্বপ্ন পূরণ হয়েছে; কেমন অনুভূতি আপনার?
দশটি মাস ধরে যেখানে শুধু একজনের -ই নয় বরং পরিবার সহ অনেকের-ই প্রতিক্ষা, স্বপ্ন, আশা এবং কষ্ট মিশ্রিত রয়েছে, একবার ভাবুনতো সেই স্বপ্নটি পূরণ হলে ক'জন পিতা-মাতা বা প্রত্যেকে তার অনুভূতিটি প্রকাশ করতে পারবেন?